বলিউড সুপারস্টার সালমান খান এবং দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা কে নিয়ে নির্মিত নতুন একটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে ২০২৭ সালের ঈদে।
শুক্রবার (২৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার মহরতের কিছু ঝলক শেয়ার করেছেন সালমান খান। ভিডিওতে দেখা যায়, ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে এবং বড় পরিসরে কাজ এগিয়ে চলছে।
ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা ভামশী পাইদিপল্লি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তিনি ও সালমান খান, যা ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা। তিনি লিখেছেন, থোড়া দূর কি সোচনা চাহিয়ে, ইস লিয়ে ঈদ ২০২৭ ফিক্স কিয়া হ্যায়… ফিকর মাত করো, ইস ওয়ালি কি ভি বাতায়েঙ্গে জব সঠিক সময় হোগা… থোড়া সাবর রাখো…।
শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজক দিল রাজু। বড় বাজেটের অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিং বর্তমানে মুম্বাইয়ের একটি বিশাল সেটে চলছে, যেখানে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হচ্ছে।
নির্মাতা সূত্রে জানা গিয়েছে, ছবিটি একটি হাই-এনার্জি অ্যাকশন ড্রামা হিসেবে তৈরি হচ্ছে। খুব শিগগিরই সিনেমার পূর্ণাঙ্গ কাস্ট ও টেকনিক্যাল টিম ঘোষণা করা হবে।









