সিরিয়ার গৃহযুদ্ধের সময় সংঘটিত তাদামোন গণহত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আমজাদ ইউসুফকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।
সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব জানিয়েছেন, ২০১৩ সালের এপ্রিল মাসে রাজধানী দামেস্ক-এর তাদামোন এলাকায় সংঘটিত ভয়াবহ গণহত্যার ঘটনায় অভিযুক্ত আমজাদ ইউসুফকে একটি সুপরিকল্পিত নিরাপত্তা অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, তাকে হামা প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২২ সালে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, চোখ ও হাত বাঁধা বেসামরিক মানুষদের একটি গর্তের পাশে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এই ভিডিওটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে এবং তৎকালীন সরকারি বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
তাদামোন গণহত্যা সিরিয়ার গৃহযুদ্ধের সবচেয়ে নৃশংস ঘটনাগুলোর একটি হিসেবে পরিচিত, যা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে বিচার ও জবাবদিহির দাবি উঠে আসছিল।









