আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে আকাশসীমা খুলে দিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে দেশটির আকাশপথ পুনরায় চালু করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থার মহাপরিচালক হামৌদ মুবারক দেশের আকাশসীমা খুলে দেওয়ার প্রসঙ্গে বলেন, “আঞ্চলিক পরিস্থিতিগত কারণে গত ২৮ ফেব্রুয়ারি আমরা কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিলাম। আজ তা আবার খুলে দেওয়া হলো। শিগগিরই বিমানবন্দর তার পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে যাবে। আমাদের আজকের এই পদক্ষেপটি হলো সেই পর্যায়ে যাওয়ার সুচিন্তিত এবং প্রথম পদক্ষেপ।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত তীব্র আকার ধারণ করলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এরপর কুয়েতসহ উপসাগরীয় কয়েকটি দেশ আকাশসীমা বন্ধ করে দেয়।
সংঘাতের সূত্রপাত ঘটে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার পর। আলোচনায় সমঝোতা না হওয়ায় পরিস্থিতি সামরিক সংঘাতে রূপ নেয় বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে অভিযান চালায় বলে দাবি করা হয়। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই সময়ে কুয়েতের বিমানবন্দরেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামৌদ মুবারক বলেন, ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও নথিবদ্ধকরণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা পুনরায় চালু হওয়াকে স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিমানবন্দর ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দর বন্ধ থাকার সময় কুয়েতের বিমানগুলো নিজেদের বিমানবন্দরে রাখার অনুমতি দিয়েছিল সৌদি। এজন্য রিয়াদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামৌদ মুবারক।









