বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের সংসারে এসেছে কন্যা রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকেই মনে করছেন, বড় হয়ে মা-বাবার পথেই হাঁটবেন রাহা। তবে এ বিষয়ে আলিয়ার ভাবনা একদম ভিন্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া তার স্বপ্নের কথা জানান, তিনি চান না তার মেয়ে গ্ল্যামার জগতে আসুক। বরং রাহাকে একজন অ্যাথলিট বা ক্রীড়াবিদ হিসেবে দেখতে চান তিনি। আলিয়ার ভাষায়, ছোটবেলা থেকেই রাহার মধ্যে একজন অ্যাথলিট হওয়ার সব গুণাবলি রয়েছে।
তিনি বলেন, রাহা ছোটবেলা থেকেই প্রচণ্ড চঞ্চল এবং প্রতিযোগী মনোভাবাপন্ন। তিনি বলেন, ‘আমি মনে মনে চাই ও বড় হয়ে যেন অ্যাথলিট হয়। ও এখনই খুব পরিশ্রমী এবং সারাক্ষণ ছোটাছুটি ও লাফালাফি করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে যে পরিমাণ এনার্জি আমি দেখি, তা একজন অ্যাথলিটের মতোই।’
নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে আলিয়া বলেন, তার মা সোনি রাজদান সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের কাজ চালিয়ে গেছেন, যা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তার কথায়, ‘আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ’ ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও এখন সাফল্যের তুঙ্গে আছেন আলিয়া।
খুব শিগগিরই যশরাজ ফিল্মসের আলোচিত স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-তে তাকে অ্যাকশন লুকে দেখা যাবে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির পরবর্তী মাস্টারপিস ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই বলিউড কুইন।









