মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বিতর্কিত এক মন্তব্য করেছেন। তিনি মার্কিন রেডিও উপস্থাপক ও রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যেখানে ভারত, চীনসহ কয়েকটি দেশকে ‘হেল-হোল’ বা নিকৃষ্ট দেশ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং এই দুই দেশের মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে বলে মন্তব্য করা হয়।
ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মন্তব্যটি স্পষ্টতই তথ্যভিত্তিক নয়, অনুপযুক্ত এবং রুচিহীন।
তিনি আরও জানান, এই বক্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
মার্কিন কংগ্রেস সদস্য অ্যামি বেরা, যিনি ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান, ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও অজ্ঞতাপূর্ণ বলে আখ্যা দেন।
এছাড়া হিন্দু আমেরিকান ফাউন্ডেশন মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী বলে নিন্দা জানিয়েছে।
এই বিতর্কিত মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী মাসে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। সফরের উদ্দেশ্য দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন কমানো।









