বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং-লকডাউনের সময় শুরু হওয়া প্রেমের সম্পর্ককে ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের মাধ্যমে পূর্ণতা দেন।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে ভিন্নধর্মী মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন জ্যাকি। তার দাবি, বিবাহিত হলেও তাদের সম্পর্ক অনেকটাই ‘সিচুয়েশনশিপ’-এর মতো।
জ্যাকি বলেছেন, আমরা বিবাহিত, তবে আমাদের সম্পর্কটা অনেকটাই ‘সিচুয়েশনশিপ’। এর মানে এই নয় যে আমাদের দায়বদ্ধতা নেই-আমরা একে অপরের প্রতি শতভাগ অনুগত। কিন্তু আমাদের সম্পর্কে কোনো বাড়তি প্রত্যাশার চাপ বা কঠোর বিধিনিষেধ নেই। নতুন প্রজন্ম যেমন সম্পর্কের জটিলতা এড়িয়ে চলতে চায়, আমরাও একে অপরের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি।
তিনি আরও যোগ করে বলেছেন, ধরুন, আমার কোনো প্রাক্তন প্রেমিকা ফোন করল এবং রাকুল পাশে আছে- আমি নির্দ্বিধায় স্পিকারে কথা বলতে পারি। হয়তো ওই মেয়েটি অস্বস্তি বোধ করবে, কিন্তু আমার কিছু লুকানোর নেই। এতে সম্পর্কটা কখনোই দমবন্ধ মনে হয় না।
অন্যদিকে রাকুল প্রীত সিং বলেছেন, আমাদের সম্পর্কে সমতা আছে। এমন নয় যে জ্যাকি কোথাও যেতে না চাইলে আমাকেও বসে থাকতে হবে। আমি চাইলে একাই ভ্রমণে যেতে পারি। অনেক সময় দেখা যায়, বিয়ের পর নারীরা নিজেদের ইচ্ছা বিসর্জন দেন- কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয়। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি, তবে কাউকে আটকে রাখি না।
তাদের এই খোলামেলা দৃষ্টিভঙ্গি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।









