সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ এবং যথাযথ যাচাই করা জরুরি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে মাহদী আমিন উল্লেখ করেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় আংশিক ভিডিও বা বিকৃত তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে, যা রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পরও কিছু গোষ্ঠী অশালীন ভাষা ও অসৌজন্যমূলক আচরণকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে। তবে বাস্তবতা হলো এই ধরনের আচরণ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যতই প্রচারণা চালানো হোক, নির্বাচনের ফলাফলই প্রমাণ করে দেয় কে জনসমর্থন হারাচ্ছে।
মাহদী আমিনের মতে, সম্মানিত ব্যক্তিদের নিয়ে নাম-পরিচয় গোপন রেখে বা ভিন্ন পরিচয়ে অপমানজনক মন্তব্য করা একটি বিপজ্জনক মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি এটিকে ‘গুপ্ত স্বৈরাচারী মনোভাব’ হিসেবে উল্লেখ করেন, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি।
বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই মত প্রকাশের ক্ষেত্রে শালীনতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠনমূলক রাজনীতি গড়ে তুলতে হলে উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়ার বদলে যুক্তিনির্ভর ও ইতিবাচক আলোচনার পরিবেশ তৈরি করতে হবে।
সবশেষে তিনি রাজনৈতিক অঙ্গনে সংযম ও দায়িত্বশীল আচরণের সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, সত্য যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নয় এটাই হওয়া উচিত সবার মূলনীতি।









