দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ একটি বৃষ্টি বলয়। বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম শুক্রবার (২৪ এপ্রিল) তাদের ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।
সংস্থাটি বলছে, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়, যা দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি ও ঝড়বৃষ্টি বয়ে আনতে পারে। কিছু কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তাদের বিশ্লেষণ অনুযায়ী, বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগে। এছাড়া বেশ সক্রিয় থাকবে ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশের কিছু এলাকা। মাঝারি সক্রিয় থাকবে বরিশাল ও খুলনা বিভাগ, আর তুলনামূলক কম সক্রিয় থাকবে রাজশাহী বিভাগের কিছু অংশে।
আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টি বলয় দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে। তবে সবচেয়ে বেশি সক্রিয় সময় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এবং আবার ৪ ও ৬ মে তারিখেও এর প্রভাব তীব্র হতে পারে।
এ সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারি বর্ষণের কারণে সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল দিয়ে পাহাড়ি ঢল নামতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী এবং হাওর এলাকায় পানির স্তর হঠাৎ করে বেড়ে যেতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় টানা বর্ষণের সম্ভাবনা বেশি।









