যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি দুই শিক্ষার্থীর মধ্যে ১০ দিন পর জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরেক শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।
জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নিখোঁজ নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল সর্বশেষ তাদের দেখা যায়। সেদিন সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ছাত্রাবাসে শেষবার দেখা যায় জামিলকে। আর সকাল ১০টার দিকে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবার দেখা যায় নাহিদাকে।
পরদিন ১৭ এপ্রিল তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন। এরপর দুটি পৃথক নিখোঁজ ডায়েরি করা হলে তদন্ত শুরু করে পুলিশ।
এদিকে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পাওয়া গেছে এবং নাহিদা এস বৃষ্টির সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ নাহিদা এস বৃষ্টিকে খুঁজে পেতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।









