মৌলভীবাজারে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৪৭তম সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬। সোমবার (২৭ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।
মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানমনস্কতা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মাসুম এবং আলোচক হিসেবে অংশ নেন ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা দেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাইফুর রহমান অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।









