টি-টোয়েন্টি ক্রিকেট আবির্ভাবের পর থেকেই বিশ্বজুড়ে এই ফরম্যাটের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই জনপ্রিয়তাকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে ২০০৮ সালে ভারত শুরু করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। সময়ের সঙ্গে সঙ্গে এই আসর হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট লিগগুলোর একটি। বর্তমানে চলছে টুর্নামেন্টটির ১৯তম আসর।
আইপিএলের দীর্ঘ ১৮ আসরের ইতিহাসে অসংখ্য ক্রিকেটার ব্যাট ও বল হাতে দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়েছেন। সেই সব তারকাদের মধ্য থেকে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার। তার নির্বাচিত এই দলে জায়গা পেয়েছেন ৭ জন ভারতীয় ও ৪ জন বিদেশি ক্রিকেটার।
তবে অবাক করার মতো বিষয় হলো ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব এই দলে জায়গা পাননি। শুধু তাই নয়, আইপিএলে ৬টি শিরোপা জয়ী দলের অংশ এবং ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও নেই বাটলারের একাদশে। এমনকি নিজেকেও দলে রাখেননি এই ইংলিশ তারকা। অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারও বাদ পড়েছেন তার তালিকা থেকে।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের দল ঘোষণা করেন বাটলার। তার একাদশে ওপেনিং জুটি হিসেবে রেখেছেন ভারতের বিরাট কোহলি ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে।
তিন নম্বরে জায়গা পেয়েছেন চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ব্যাটার সুরেশ রায়না, যাকে ‘মিস্টার আইপিএল’ বলেও আখ্যা দিয়েছেন বাটলার। চার নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্স। উইকেটরক্ষক হিসেবে বাটলারের পছন্দ মহেন্দ্র সিংহ ধোনি।
অলরাউন্ডার হিসেবে বাটলার বেছে নিয়েছেন তিন ভয়ংকর পারফর্মার ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে। স্পিন আক্রমণে আছেন আফগানিস্তানের রশিদ খান। পেস আক্রমণে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও ভারতের জাসপ্রিত বুমরাহ। তবে পুরো দল সাজালেও অধিনায়ক হিসেবে কারও নাম উল্লেখ করেননি বাটলার।









