বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের শুরুতে বিশ্বের প্রায় ৫৪ কোটি ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ভারতের আক্রান্তের হার উল্লেখযোগ্য, প্রায় এক-ষষ্ঠাংশ। বিপাকীয় স্বাস্থ্য এখন বড় জনস্বাস্থ্য উদ্বেগ হয়ে ওঠায় ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণের আগ্রহও বাড়ছে।
এই প্রেক্ষাপটে রান্নাঘরের পরিচিত দুই মসলা জিরা ও মৌরি থেকে তৈরি পানি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এগুলোকে ম্যাজিক ওয়াটার হিসেবে দেখছেন। তবে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে এদের কাজের ধরন ভিন্ন।
ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্তদের জন্য এই পার্থক্য জানা গুরুত্বপূর্ণ, কারণ এতে দৈনন্দিন রুটিন আরও কার্যকরভাবে সাজানো সম্ভব।
বিপাকীয় কার্যপ্রণালী বোঝার জন্য দুই মসলার সক্রিয় উপাদান জানা জরুরি। জিরায় থাকে থাইমোকুইনোন ও কিউমিন্যালডিহাইড, আর মৌরিতে থাকে অ্যানিথল ও কুয়েরসেটিন। এসব উপাদান শরীরে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
জিরা পানি মূলত ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। এটি অগ্ন্যাশয়কে ইনসুলিন উৎপাদনে উদ্দীপিত করতে পারে এবং শরীরের কোষকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। ফলে রক্তে গ্লুকোজ দ্রুত ও কার্যকরভাবে ব্যবহৃত হয় এবং দীর্ঘ সময় উচ্চ শর্করার ঝুঁকি কমে। এছাড়া জিরা ক্ষতিকর গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস কমাতেও সহায়তা করতে পারে।
অন্যদিকে মৌরি পানি সরাসরি শর্করা কমানোর চেয়ে শরীরের ভেতরের পরিবেশ উন্নত করতে কাজ করে। এটি প্রদাহ কমায়, যা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটি বড় কারণ। মৌরি প্রাকৃতিক ডাইইউরেটিক হিসেবে কাজ করে, শরীর থেকে অতিরিক্ত তরল ও টক্সিন বের করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। পাশাপাশি এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে থাকে।
বিভিন্ন গবেষণায় জিরার কার্যকারিতা নিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে জিরা ব্যবহার ফাস্টিং ব্লাড সুগার ও HbA1c কমাতে সহায়ক হতে পারে। জিরার একটি উপাদান কিউমিন্যালডিহাইড এমন একটি এনজাইমকে বাধা দেয়, যা কার্বোহাইড্রেটকে দ্রুত গ্লুকোজে রূপান্তর করে। ফলে খাবারের পর রক্তে শর্করা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।
মৌরির ক্ষেত্রেও গবেষণায় দেখা গেছে, এটি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে, বিশেষ করে প্রদাহ কমানো ও অগ্ন্যাশয়ের কোষ সুরক্ষার মাধ্যমে। এছাড়া মৌরি ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তুলনামূলকভাবে জিরা সরাসরি ইনসুলিন ও গ্লুকোজ নিয়ন্ত্রণে কাজ করে, আর মৌরি কাজ করে প্রদাহ কমানো ও ক্ষুধা নিয়ন্ত্রণের মাধ্যমে। জিরা ফাস্টিং ব্লাড সুগার ও HbA1c কমাতে বেশি কার্যকর, আর মৌরি খাবারের পর শর্করা বাড়া নিয়ন্ত্রণ ও ওজন ব্যবস্থাপনায় সহায়ক।
শরীরের প্রকৃতির দিক থেকে জিরা উষ্ণ এবং বিপাকীয় গতি বাড়ায়, তবে কিছু ক্ষেত্রে অম্লতা বাড়াতে পারে। মৌরি শীতল প্রকৃতির, হজমে স্বস্তি দেয় এবং শরীরের ভেতরের তাপ কমায়।
ব্যবহারের সময়ের দিক থেকে জিরা পানি সকালে খালি পেটে খাওয়া ভালো, আর মৌরি পানি সারাদিন বা খাবারের পর পান করা যেতে পারে।
সবকিছু বিবেচনায় দেখা যায়, সরাসরি রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও HbA1c কমানোর ক্ষেত্রে জিরা পানি কিছুটা বেশি কার্যকর। তবে প্রদাহ, হজম সমস্যা বা অতিরিক্ত ক্ষুধাজনিত শর্করা ওঠানামার ক্ষেত্রে মৌরি পানি উপকারী।
সবচেয়ে ভালো ফল পেতে ব্যক্তিগত শারীরিক অবস্থা ও ঋতুর ওপর ভিত্তি করে এই দুই পানির ব্যবহার পরিবর্তন করা যেতে পারে। গরমকালে মৌরি পানি শরীর ঠান্ডা রাখে, আর শীতকালে জিরা পানি বিপাকীয় কার্যক্রম বাড়াতে সহায়তা করে।
সূত্র এনডিটিভি









