ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার বেকাসি তিমুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে প্রবেশ করা আরেকটি দূরপাল্লার ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই হতাহতদের সঠিক সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। দেশটির কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার তথ্য জানায়, তবে পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত হয়নি বলে জানানো হয়।
পরবর্তীতে রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা নিহতের সংখ্যা পাঁচজন বলে নিশ্চিত করেন। তিনি আরও জানান, আহত ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
এদিকে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঘটনাস্থল পরিদর্শন করেন।









