সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মো. শাহাদাত (৩০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন স্থানে তার ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক ছিলেন।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একই এলাকা থেকে ইয়াবাসহ লোহাগাড়ার এক চিহ্নিত সন্ত্রাসীকে যৌথবাহিনী গ্রেফতার করে। ওই ঘটনায় শাহাদাতের সম্পৃক্ততা নিয়ে একটি পক্ষের মধ্যে সন্দেহ তৈরি হয়। স্বজনদের ধারণা, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাতের একটি চায়ের দোকান ছিল। ঘটনার সময় তিনি দোকানে বসে ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী প্রায় ১৫ জনের একটি দল এসে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল উদ্দিন বলেন, শাহাদাত দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।









