শহর ও গ্রামজুড়ে নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গ্রাম ও শহরের নারীদের রান্নার সমস্যা কমাতে “মা-বোনদের জন্য এলপিজি কার্ড” বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সারাদেশে তা পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন। আমরা চার কিলোমিটারের এই খাল পুনঃখনন করব। এই খাল খনন করলে এলাকার মানুষ পানি পাবে। এতে প্রায় ২০ হাজারের বেশি কৃষক উপকৃত হবে। ১৪০০ টনের মতো খাদ্যশস্য উৎপাদন হবে। খালের পানিতে ৭২ হাজারের মতো মানুষ সরাসরি উপকৃত হবে। খাল খনন শেষ হলে এই খালের পাড়ে তিন হাজার বৃক্ষরোপণ করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সরকার গঠন করলে শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করবো। আগামী ৫ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করতে চাই। যাতে গ্রামে বসবাসকারী মানুষ সেখান থেকে আয় করতে পারে।’
নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া নারী ক্ষমতায়নের লক্ষ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। আমরা এই কর্মসূচি আরও এগিয়ে নিয়ে যাবো। মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যন্ত আমরা বিনামূল্যে করার ব্যবস্থা করবো।’
এ সময় তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘যারা গণভোটের রায়কে ভিন্নদিকে নিয়ে যেতে চায় তারা বিশৃ্ঙ্খলা করতে চায়। এর মাধ্যমে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ সকল উদ্যোগ ব্যাহত হবে।’









