জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ২৩ মিনিট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।
জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল হোক্কাইডো দ্বীপের দক্ষিণাঞ্চলী শহর সাপ্পোরো-এর ২০০ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার গভীরে।
জেএমএ জানিয়েছে,এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সুনামির আশঙ্কা নেই। তবে শক্তিশঅলী ঝাঁকুনির কারণে হোক্কাইডোর পাহাড়গুলো থেকে বড় পাথরের পতন ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ভূমিকম্প। ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের এক ঘণ্টা আগে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়ে গেছে বলেও জানিয়েছে জেএমএ।
উল্লেখ্য, গত সপ্তাহে আইওয়াত এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬ জন আহত হন। রাজধানী টোকিওতেও সেই কম্পন অনুভূত হয়েছিল।
প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে, যা বিশ্বব্যাপী মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।









