গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তারা।
রবিবার (২৬ এপ্রিল) গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য গাজার আল-মুঘরাকা গ্রামের কাছে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হন। গাজা সিটির কাছে গোলাগুলি ও ট্যাংকের শেলে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ৪০ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ওই এলাকায় কোনো হামলার বিষয়ে অবগত নয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অন্যান্য হামলার ঘটনাগুলো তারা খতিয়ে দেখছে। একই সঙ্গে তাদের দাবি, শুক্রবার থেকে গাজায় হামাসের কয়েকজন যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে।
২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও গাজায় সহিংসতা থামেনি। স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলের দাবি, হামাসের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজার ৫০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, ইসরায়েলের হিসাবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জন নিহত হয়।









