বিশ্বখ্যাত চিত্রসাংবাদিক রঘু রাই মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
অর্ধশতাব্দীরও বেশি সময়জুড়ে বর্ণাঢ্য কর্মজীবনে তিনি চিত্রসাংবাদিকতার জগতে রেখে গেছেন অনন্য অবদান। মাত্র ২৩ বছর বয়সে ফটোগ্রাফির সঙ্গে পথচলা শুরু করেন তিনি। দাদার হাত ধরেই ক্যামেরার সঙ্গে তার পরিচয়, এরপরই শুরু হয় তার অসাধারণ যাত্রা।
রঘু রাইয়ের ক্যামেরায় ধরা পড়েছে সময়, সমাজ ও ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতের নানা প্রান্তে তোলা তার ছবিগুলো আজও আলোচিত। দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায় এবং আধ্যাত্মিক নেতা দলাই লামাসহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ছবি তুলে খ্যাতি অর্জন করেন তিনি।
বিশেষভাবে আলোচিত হয় ইন্দিরা গান্ধী এবং সনিয়া গান্ধীর শিশু সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি। মানবসেবার প্রতীক মাদার টেরেসার বিভিন্ন মুহূর্তও তিনি ক্যামেরাবন্দি করেছেন।
এছাড়া ১৯৮৪ সালের ভোপালের গ্যাস বিপর্যয়ের হৃদয়বিদারক দৃশ্য ধারণ করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। ভারতসহ বাংলাদেশেও তার তোলা বহু ছবি রয়েছে। তাজমহলকে কেন্দ্র করে তোলা ছবিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার বিকেল ৪টায় দিল্লির দিল্লির লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে চিত্রসাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।









