বিগত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথের ভূমিকা ও ত্যাগ বিবেচনায় সরকারে ‘উপযুক্ত’ মূল্যায়নের জোর দাবি জানিয়েছে শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। জোট সঙ্গীদেরকে নিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাদের।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অস্থায়ী কার্যালয়ে সমমনা জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এমন প্রত্যাশা ব্যক্ত করেন জোট নেতারা। পরে জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
ইরান ও ইসরাইল যুদ্ধের প্রেক্ষিতে দেশে ব্যাপক জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে।
বৈঠকে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, দেশে বহুল কাঙ্ক্ষিত নির্বাচিত সরকার মাত্র দুই মাস পার করেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই যুদ্ধের কারণে কিছুটা চাপে রয়েছে। যেহেতু জাতীয়তাবাদী সমমনা জোট দীর্ঘ বছর ধরে বিএনপির সাথে আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে একসাথে কাজ করেছে; সেহেতু জোট সঙ্গীদেরকে নিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাছি।
এসময় জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। এই জয়ে বিএনপির শরিক জাতীয়তাবাদী সমমনা জোটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এই জোটকে উপযুক্ত মূল্যায়ন করার জোর দাবি তার।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এসএম শাহাদাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে; যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দোষীদের আইনের আওতায় আনার দাবি তার।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন-জোটভুক্ত এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, জোটের সমন্বয়কারী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব আব্দুল বারিক, মুসলিম লীগের চেয়ারম্যান ব্যরিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল ও মহাসচিব জামিল আহম্মেদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার মহাসচিব জাকির হোসেন রিয়াজ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল আলম, গণদলের মহাসচিব আবু সৈয়দ প্রমুখ।









