চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬ এর বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২১ ও ২৩ এপ্রিল যথাক্রমে বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই সংবাদটি একটি গুজব এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।
জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে প্রশ্নফাঁসের নামে কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
এছাড়া, প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার নজরে এলে তা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।









