বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মারধর করার দায়ে আলেয়া খাতুন হীরা নামে সেই শিক্ষিকাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিচালক জানান, কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। তদন্তের স্বার্থে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।
এদিকে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপশাসনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। রবিবার বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজের শিক্ষক ও কর্মচারীরা দাবি করেন, গত ২৩ এপ্রিল তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহার ও আর্থিক সহযোগিতার বিষয়ে কথা বলতে আসলে আলেয়া খাতুন হীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাঁদাবাজ অ্যাখা দিয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। ভিডিও বন্ধ করতে বললে আলেয়া খাতুন হীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণেই কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অধ্যক্ষ ও আলেয়ার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেন।









