নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আনোয়ার পাশা বর্তমানে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি এনআইডি কার্যক্রমের সার্বিক তদারকি করবেন।
এর আগে গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।









