অভিনেত্রী পূজা চেরি-র বাবা দেব প্রসাদ রায়-কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ওঠায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই চিত্রনায়িকা।
রোববার (২৬ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূজা জানিয়েছেন, বাবার গ্রেপ্তারকে কেন্দ্র করে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন। বিভ্রান্তি এড়াতে তিনি স্পষ্ট করে বলেছেন-বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই।
পোস্টে পূজা চেরি উল্লেখ করে বলেছেন, প্রায় ১০-১২ বছর ধরে তিনি নিজ প্রচেষ্টায় মিডিয়ায় কাজ করছেন এবং নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের ব্যয় নিজেই বহন করে আসছেন। বাবার কোনো ব্যবসা বা আর্থিক লেনদেনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, বর্তমানে তিনি কোনো প্রডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন বলে জানিয়েছেন।
পরিবারের সদস্য হওয়ার কারণে এ পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলেও উল্লেখ করেছেন পূজা। তিনি বলেছেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং তদন্ত শেষে আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শেষে এ স্পর্শকাতর বিষয়ে তাকে অযথা জড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।









