দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই পরিসংখ্যান শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
একই সময়ে নতুন করে ১ হাজার ৪২১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩২ হাজার ২৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ১৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে।
এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১৬ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭৪ জন।
এছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।









