মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে এই তরুণ ব্যাটার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে সবার নজর কাড়েন। তার এই পারফরম্যান্সের পর তাকে তুলনা করা হচ্ছে বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালের এর সঙ্গে।
ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম বিলিংস সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এত অল্প বয়সে কোনো খেলোয়াড়কে এত ভালো খেলতে দেখেছি কি না সন্দেহ! আমরা যেন ইয়ামাল-লেভেলের প্রতিভা দেখছি।
তার এই মন্তব্যে ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এর আগেও আলোচনায় ছিলেন সূর্যবংশী। চলতি মৌসুমে ইতোমধ্যে দুবার ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছেন তিনি। ৩৫৭ রান করেছেন ২৩৪-এর বেশি স্ট্রাইক রেটে।
শুধু ব্যাটিং নয়, বড় বড় বোলারদের সামনেও নির্ভীক এই কিশোর। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দেন তিনি। ম্যাচ শেষে কামিন্স মুগ্ধ হয়ে বলেন, ‘সে এখন আমার নতুন প্রিয় খেলোয়াড়। ও যেভাবে খেলছে, তা দারুণ উপভোগ্য।
এছাড়া ভারতের কিংবদন্তি স্পিনার রবীচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, তার পরিবারের সদস্যরাও সূর্যবংশীর বড় ভক্ত হয়ে উঠেছেন। বিশেষ করে তার বাবা-মা প্রতিটি শট উপভোগ করেন এবং কিশোর এই ব্যাটারের প্রশংসা করেন।
তবে এত অল্প বয়সেই এমন সাফল্যের সঙ্গে আসে বড় চ্যালেঞ্জ। অনেকেই ইতোমধ্যে তাকে শচীনের সঙ্গে তুলনা করছেন। এখন দেখার বিষয়, চাপ সামলে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না এই তরুণ প্রতিভা।









