মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করে সোমবার সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন মুফতি আমির হামজা। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মামলা সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন।









