মাদকের অভিযোগে দীর্ঘদিন আলোচনায় থাকা বলিউড তারকা নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর অবশেষে স্বস্তির খবর পাচ্ছেন। তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় আলোচিত মামলায় তাদের নাম বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মুম্বাই পুলিশ।
২০২২ সালের আগস্টে মাদক পাচারের অভিযোগে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সোহেল শেখকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার রুপি মূল্যের মাদক জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহের কথা জানান এবং কয়েকজন পরিচিত ব্যক্তির নাম উল্লেখ করেন। এ তালিকায় উঠে আসে নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং রাজনীতিবিদ জিশান সিদ্দিকী-এর নাম।
পরবর্তীতে ২০২৫ সালে তদন্তের অংশ হিসেবে শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তে তাদের বিরুদ্ধে কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অপরাধ দমন শাখা ও অ্যান্টি-নারকোটিক্স সেলের অনুসন্ধানে আলোচিত এই মামলায় তারকাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শক্ত প্রমাণ মেলেনি। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামনি, সিদ্ধান্ত কাপুর ও জিশান সিদ্দিকীকেও সম্পূরক চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। অন্যদিকে, গ্রেফতার হওয়া কয়েকজন অভিযুক্ত ও পলাতকদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে, তবে তারকাদের নাম এতে রাখা হচ্ছে না।









