ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বজ্রপাতে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী বলে জানা গিয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে আসা সহপাঠী আগলিনা জানিয়েছেন, বিকেল পাঁচটার দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় অপরাজেয় বাংলা ম্যুরালের কাছে অবস্থানকালে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, রোববার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে।









