বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদক সংশ্লিষ্টতা ও অর্থ লেনদেনের অভিযোগে দীর্ঘ সময় আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এই তদন্তের অংশ হিসেবে ২০২০ সালে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী-এর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা ‘ফ্রিজ’ করেছিল।
শনিবার বিশেষ এনডিপিএস আদালত রিয়া ও শৌভিকের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় সচল বা ‘ডি-ফ্রিজ’ করার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অ্যাকাউন্ট জব্দের ক্ষেত্রে এনসিবি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি।
রিয়া ও শৌভিক তাদের আইনজীবী আয়াজ খান ও জেহরা চরণিয়ার মাধ্যমে আদালতে অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করেছিলেন। তাদের আইনজীবীরা যুক্তি দেন, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ৬৮এফ ধারা অনুযায়ী কোনো সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক।
নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট ফ্রিজ করার ৩০ দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হয়, যা রিয়ার ক্ষেত্রে এনসিবি করেনি। আইনজীবীদের এই যুক্তি ও তথ্য যাচাই করে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
আদালত আরও জানিযেছে, বাধ্যতামূলক প্রক্রিয়া অনুসরণ না করায় অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্তটি বৈধ নয়। ফলে এখন থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে আর কোনো বাধা থাকছে না এই ভাই-বোনের।
উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।









