সারাদেশে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। তবে এটি অস্বীকার করেছে শিক্ষাবোর্ড। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত।
এ অবস্থায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সকলকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।









