ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে অবস্থান করছে।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যার একিউআই (AQI) স্কোর ১২৮। এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্তদের জন্য।
তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ২৪৯ এবং এটি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। অন্য শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের লাহোর (১৬৫), চীনের সাংহাই (১৫৭), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৫৩), নেপালের কাঠমান্ডু (১৫৩), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৪২), চীনের উহান (১৩২), ভারতের দিল্লি (১২৪) এবং রাশিয়ার ক্রাসনোইয়ার্স্ক (১১২)।
একিউআই স্কোর ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ৩০১-এর বেশি হলে বায়ু ঝুঁকিপূর্ণ পর্যায়ে আসে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় বস্তুকণা (PM-10 ও PM-2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃) উপাদানের ভিত্তিতে। বিশেষজ্ঞদের মতে, PM-2.5 সবচেয়ে ক্ষতিকর, যা সরাসরি ফুসফুসে প্রবেশ করে ক্যানসার, হৃদরোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং জ্বালানি পোড়ানোর কারণে ঢাকার বায়ুদূষণ ক্রমেই বেড়ে চলেছে, যা দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য বড় হুমকি হিসেবে ধরা হচ্ছে।








