রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় প্রধান আসামির সহকারী সাগরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তাদেরকে পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি কামরুজ্জামান জানান, কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যাকাণ্ডে চারজনকে খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে।
গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর সামনে কুপিয়ে রাকিবকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।








