রাজধানীর শ্যামপুরের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী মোহাম্মদ শেখ ফরিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় হকার ছিলেন এবং এই ঘটনায় আরও একজন আহত রয়েছেন।
আজ রোববার (২৯ মার্চ) বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রশিদ জানান, শ্যামপুর বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী শেখ ফরিদ ও আরেক ব্যক্তি গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক বিকেল ৪টার দিকে শেখ ফরিদকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের মামা সোয়াইব জানান, শেখ ফরিদ ফুটপাতে হকারি করতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালিশপুর গ্রামে। তিনি মৃত ওবায়দুল্লাহর ছেলে। বর্তমানে কদমতলি ধনিয়া পলাশপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত শেখ ফরিদ দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।








