বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেকারদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না… চাকরি তো অসম্ভব। এ জন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।
স্থা্নীয় সরকার মন্ত্রী বলেন, বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত বিষয়ে।
বিএনপি মহাসচিব জানান, যেসব বিষয় দরকার আছে সেইসব করতে হবে। কিন্তু সেগুলোকেই (তদবির) যদি প্রধান গুরুত্ব দেই তাহলে তো মুশকিল হবে।
নিজের জেলা ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চারলেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








