সিথি নকিব এবছর ‘মিস মন্ট্রিয়াল ওয়েস্ট ওয়ার্ল্ড ২০১৯’ নির্বাচিত হয়ে এখন ‘মিস ওয়ার্ল্ড কানাডা ২০১৯’ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছেন।
সিথি নকিবের মা হিমি করিম দ্য ডেইলি স্টারকে বলেন, “সিথি এখন ‘মিস কানাডা’-র চূড়ান্ত পর্বের বিভিন্ন আয়োজনে রয়েছে।”
সিথি স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানান, তার ইচ্ছা মানসিক বিষাদগ্রস্ত তরুণদের নিয়ে কাজ করার। তার এই সাফল্যের পেছনে বাবার ভূমিকার পাশাপাশি মার ভূমিকাকেই সবচেয়ে বড় করে দেখেন তিনি। সিথির মতে, মার সহযোগিতায় তিনি এই প্রতিযোগিতায় আসতে পেরেছেন।
তিনি আরো বলেন, “লক্ষ্যে পৌঁছানোর পথে অনেক বাধা আসবে, সেটাই স্বাভাবিক। তবে সেগুলোকে ডিঙিয়ে লক্ষ্যে পৌঁছতে হবে।”
বাংলাদেশের বাগেরহাট জেলায় সিথির জন্ম ১৯৯৫ সালে। তাকে ইতোমধ্যে ‘পার্লামেন্ট অব অটোয়া’, ‘কানাডা ডে প্যারেড’, গ্র্যান্ড মার্শাল ২০১৮’-সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংস্থা থেকে সম্মানিত করা হয়েছে।
সিথি ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি নাচ শিখেছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। ছবি আঁকায় রয়েছে তার বিশেষ সাফল্য। এছাড়াও, মডেলিংয়ের সঙ্গে জড়িত তিনি। সিথি বর্তমানে কনকর্ডিয়া ইউনিভার্সিটির ফাইন্যান্সের শেষ বর্ষের ছাত্রী।









