মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) একটি বিশেষ যৌথ অভিযানে এই অভিযানে তাদের আটক করা হয়। একই সময়ে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়।
মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সদরদফতর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে দুটি পৃথক বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক।
আটকদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দফতরে নেওয়া হয়েছে। এদিকে মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক কার্যক্রম বা তথ্য থাকলে মানজুং পুলিশ কন্ট্রোল রুমের ০৫-৬৮৮ ৬২২২ নম্বর অথবা হটলাইন ০১৭-৬৮২ ৮০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।









