মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪২৯ ও ঈদ পুনর্মিলনী উদযাপিত হয়েছে। গত ১৫ মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে পহেলা বৈশাখের মুখোশ, ফেস্টুন ও ব্যানারে সুসজ্জিত হয়ে দূতাবাস প্রাঙ্গণ হতে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা দূতাবাসের সম্মুখের সড়ক প্রদক্ষিণ করে। আমন্ত্রিত কূটনীতিবিদগণ, স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বর্নাঢ্য এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার স্বাগত বক্তব্যে আগত অতিথিদের বাংলা নববর্ষ এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলা নববর্ষ এবং ঈদ-উল-ফিতরসহ দুইটি বৃহৎ উৎসবের পটভূমি তুলে ধরেন। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।
তিনি বলেন, এটি বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের। এ সময় তিনি দেশীয় ঐতিহ্যকে ধারণ করবার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে যথাযথভাবে তুলে ধরার জন্য আগত বাংলাদেশীদের তিনি নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা মেক্সিকোতে একটি ছোট্ট বাংলাদেশের আবহ তৈরি করে।
আনন্দবাজার/টি এস পি









