বিনা খরচে তিন মাসের জন্য প্রবাসীদের ইকামা (রেসিডেন্ট পারমিট) নবায়ন শুরু করেছে সৌদি সরকার। পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি মোতাবেক এ সুযোগ দেয়া হচ্ছে।
করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। গত ১৫ মার্চ থেকে শপিং মলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং মক্কা-মদিনাতে ২৪ ঘন্টার কারফিউ ঘোষণা করা হয়।
আর করোনায় এ সময়ে কর্মীরা বেকার হয়ে যাওয়াই মানবিক দিক বিবেচনায় প্রবাসীদের ইকামা তিন মাসের জন্য বিনা ফিতে নবায়নের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। যে সকল প্রবাসীদের ইকামা মার্চের ১৮ থেকে ৩০ জুনের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে তাদের ইকামা ৩ মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে।
এই বিষয়ে গত ৩ এপ্রিল রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে দেশটির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেটে সংবাদ আকারে প্রকাশ করা হয়।
খবরে বলা হয়, ইকামা নবায়ন নিশ্চিত হওয়ার জন্য জাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই প্রবাসীদের। ইলেকট্রনিক প্রক্রিয়ার অনলাইন পোর্টাল আবসের মাধ্যমে চেক করে নিতে পারবেন।
ইতিমধ্যে কিছু প্রবাসীদের উল্লেখিত তারিখের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়া ইকামার মেয়াদ ৩ মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছে বলে জানা যায়।
আনন্দবাজার/শহক








