পরিশোধিত মূলধন কম হওয়ায় প্রবাসী কল্যাণ ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় কোনো ব্যাংকে ‘নস্ট্রো অ্যাকাউন্ট’ খুলতে পারেনি। যে কারণে এই ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারছেন না প্রবাসীরা। তাই রেসিট্যান্স আনার সক্ষমতা অর্জনে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
গত ১৬ আগস্ট এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মাহ্তাব জাবিন স্বাক্ষরিত গেজেটে বলা হয়, সরকারের অনুমোদনক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০ এ প্রদত্ত ক্ষমতাবলে প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হলো।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হওয়ায় এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনার প্রক্রিয়াটি একধাপ এগিয়ে গেল।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকটির কৌশলগত উদ্দেশ্যগুলোর প্রথমেই রয়েছে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধিতে সহায়তা প্রদান। তারপরও আজ পর্যন্ত প্রবাসীরা এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারছেন না।
প্রবাসী কল্যাণ ব্যাংকটির অভিলক্ষ্য হচ্ছে- প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যয় সাশ্রয়ী পন্থায় নিরাপদে ও দ্রুততার সঙ্গে বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণে সহায়তা প্রদান এবং বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের সহজ শর্তে স্বল্প সময়ে ‘অভিবাসন ঋণ’ ও ‘পুনর্বাসন ঋণ’ প্রদান।
প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকটি এখন পর্যন্ত ৩৫ হাজার ৪০০ বিদেশগামী কর্মীকে অভিবাসন ঋণ দিয়েছে। ব্যাংকটি মাত্র তিনদিনে অভিবাসন ঋণ মঞ্জুর করে। এছাড়া বিদেশ ফেরত উল্লেখযোগ্যসংখ্যক কর্মীকে পুনর্বাসন ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা করেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









