যুক্তরাজ্যে অবৈধভাবে ডেলিভারি কাজ করার অভিযোগে ১৭১ জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং চীনা নাগরিক রয়েছে। তাদের মধ্যে প্রায় ৬০ জনকে দেশান্তর করা হবে বলে সরকার জানিয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম গত মাসে সাতদিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে এই গ্রেপ্তারগুলো করে। অভিযানের সময় বিভিন্ন শহর, গ্রাম ও মফস্বল এলাকায় কাজ করা ডেলিভারি রাইডারদের থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। অনুমতি ছাড়া যারা কাজ করছিল তাদের স্থানীয় পুলিশের তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়।
গত ১৭ নভেম্বর, লন্ডনের নিউহাম হাই স্ট্রিটে অভিযান পরিচালিত হয়। সেখানে চারজন বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।
এরপর ২৫ নভেম্বর নরউইচ সিটি সেন্টারে অভিযান চালিয়ে তিনজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজনকে ফেরত পাঠানো হবে, আর তৃতীয় ব্যক্তিকে কঠোর অভিবাসন জামিনে রাখা হয়েছে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, এই অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ‘ব্যাপক সংস্কার’ কার্যক্রমের অংশ। ২০২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও মালামাল জব্দের ঘটনা প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।
যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তামন্ত্রী অ্যালেক্স নোরিস বলেন, যদি কেউ এ দেশে অনুমতি ছাড়া কাজ করেন, তাকে গ্রেপ্তার করে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া, তিনি ডেলিভারো, জাস্ট ইট ও উবার ইটসের মতো বড় ডেলিভারি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যাতে অননুমোদিত কাজ বন্ধ করা যায়।









