করোনার বিস্তার রোধে অবৈধ অভিবাসীদের আটক করছে মালয়েশিয়া। কয়েকদিনের অভিযানে শত শত অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের প্রধান আব্দুল হামিদ বদর ।
পুলিশের এই প্রধান দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা নিউজ অ্যাজেন্সিকে জানান, আমরা অবৈধ অভিবাসীকে অবাধে চলাচল করতে দিতে পারি না। তারা যদি অবস্থান পাল্টে ফেলে তাহলে খুঁজে বের করা কঠিন হয়ে যাবে।
আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে মালয়েশিয়া পুলিশ সাত শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শিশু এবং মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া জাতিগত রোহিঙ্গা শরণার্থীও রয়েছে।
দেশটিতে অবৈধ অভিবাসী বিশেষ করে রোহিঙ্গারা করোনার ঝুঁকি বাড়িয়ে তুলছেন বলে জনগণের মাঝে ক্ষোভ তৈরি হওয়ায় কর্তৃপক্ষ এই ধরপাকড় অভিযান শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান না চালাতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এক বিবৃতিতে মালয়েশিয়ার সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, অভিবাসীদের আটক করে জনাকীর্ণ শিবিরে রাখা হলে সেখানে ভাইরাসের বিস্তারের উচ্চ ঝুঁকি তৈরি হতে পারে।
আনন্দবাজার/রনি









