- দেশে এসেছে ১৭ হাজার কোটি টাকা
পরিবার পরিজনদের জন্য দেশে রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। ঈদ উপলক্ষে পরিবারের চাহিদা বেড়ে যাওয়ায় এর প্রবাহও বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় এবারও পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৯৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৩৭২ কোটি টাকা। এর আগের মাস মার্চে রেমিট্যান্স এসেছিল ১৮৫ কোটি ৯৭ লাখ ডলার। সে হিসেবে প্রায় ১৫ কোটি ডলার বেশি।
এপ্রিল মাসের ২৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকে এসেছে ৩ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার।
এপ্রিল মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৪২ কোটি ৯৪ লাখ ডলার। এরপর ডাচ্–বাংলা ব্যাংকে ২৮ কোটি ২৮ লাখ ডলার, অগ্রণী ব্যাংকে ১২ কোটি ৫৭ লাখ ও সোনালী ব্যাংক ১০ কোটি ৮ লাখ এবং ব্যাংক এশিয়ায় এসেছে ৯ কোটি ৪১ লাখ ডলার প্রবাসী আয়। আলোচিত সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পুলিশের কমিউনিটি ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোন রেমিট্যান্স আসেনি।
২০২০-২১ অর্থবছরের ২ হাজার ৪৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। গত অর্থবছরের ১২ মাসের মধ্যে সাত মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার। চলতি বছরের প্রথম দিন থেকে সরকার রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করেছে।
আনন্দবাজার/শহক









