প্রানঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশীদের মৃতের সংখ্যা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। ১৪ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৭৮ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম (৭৭)। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক করোনা আক্রান্ত হয়ে ৪ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে মারা গেছেন। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বেশ কিছুদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে প্রবাসীদের সংগঠনগুলো করোনা ভাইরাসের কারণে বিপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। কনস্যুলেট অফিসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংগঠনগুলো হটলাইন খুলে ২৪ ঘণ্টা সাহায্য ও পরামর্শ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
মসজিদসহ নানা সংগঠন থেকে প্রয়োজনে সাহায্য করতে চেয়েছে মারা যাওয়া লোকজনকে সমাহিত করার জন্য। ম্যানহাটনের আসসাফা ইসলামিক সেন্টার, পার্চেষ্টার জামে মসজিদসহ বেশ কিছু প্রতিষ্ঠান প্রবাসীদের সাহায্য করছে। যেকোনো সমস্যায় স্বদেশীদের কমিউনিটি নেতা ও সংবাদমাধ্যমের যেকোনো লোকজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
আনন্দবাজার/এস.কে









