অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ নিতে পারবেন অবৈধ অভিবাসীরা। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যারা অবৈধ হয়ে গেছেন কেবল তারাই নতুন সিদ্ধান্তের আওতায় বৈধতা অর্জনের সুযোগ পাবেন।
কোভিড মহামারির ফলে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দেশটিতে তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছেন।
এমন পরিস্থিতিতে তাদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই পুরো প্রক্রিয়াটি ব্যয়সাপেক্ষ। যদিও এর মাধ্যমে অবৈধ অভিবাসী হিসেবে আইনি জটিলতা বা জরিমানার হাত থেকে রেহাই পাবেন দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীরা।
নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে আবেদনকারীকে। এই সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে- উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার।
আনন্দবাজার/শহক









