যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছাবে। তার মরদেহ এরই মধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ঢাকায় পাঠানো হবে। দূতাবাসের তথ্য অনুযায়ী, মরদেহটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ০২২০ নম্বর ফ্লাইটে রওনা হবে।
যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ট্রানজিট নির্ধারিত রয়েছে। এরপর এমিরেটস এয়ারলাইন্সের ০৫৮২ নম্বর ফ্লাইটে করে মরদেহটি আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর গত শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে।









