চট্টগ্রামের কর্ণফুলীতে অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ বিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে রাস্তার পাশের দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন দেলোয়ারা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দেলোয়ারা বেগম শিকলবাহা এলাকার বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম ফজল আহমেদ।









