ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসে জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানিয়েছেন।
রুমিন ফারহানা বলেছেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, আমদানি-রপ্তানি ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয় উঠে এসেছে। মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি করে, সে তুলনায় আমেরিকা থেকে কম পণ্য আমদানি করে। ফলে বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
তিনি বলেছেন, এই ঘাটতি কমানোর লক্ষ্যেই বাণিজ্য চুক্তি করা হয়েছে। তবে জাতীয় নির্বাচনের তিন দিন আগে, গত ৯ ফেব্রুয়ারি একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এ চুক্তি স্বাক্ষর করে, যা নিয়ে তখন থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।
রুমিন ফারহানার অভিযোগ, চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের স্বার্থবিরোধী হতে পারে। তাই নির্বাচিত সরকার গঠনের পর বিষয়টি পুনর্বিবেচনা করে স্বাক্ষর করা উচিত ছিল।
তিনি আরও বলেছেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে চুক্তিটি বাতিল করতে পারে। তাই জনগণের স্বার্থে চুক্তির পূর্ণ বিবরণ সংসদে উপস্থাপন করা প্রয়োজন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্মরণ করিয়ে দেন, সংসদের ৩০১ বিধি অনুযায়ী পয়েন্ট অব অর্ডার কেবল চলমান কার্যক্রম বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তোলা যায়। নতুন বিষয় হলে তা নোটিশ আকারে উত্থাপন করার পরামর্শ দিয়েছেন তিনি।









