বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া যতই বিদেশে থাকুন না কেন, ভারতীয় সংস্কার আর আচার-অনুষ্ঠানের প্রতি তার টান বরাবরই অটুট।ধর্মীয় বিশ্বাস ও পুজোপাঠে আগ্রহী এই অভিনেত্রী সুযোগ পেলেই মন্দিরে যান,পালন করেন নানা উৎসবও।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত বিশ্বাস ও দৈনন্দিন কিছু অভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের ব্যাগে কী কী রাখেন তা জানিয়েছেন।প্রিয়াঙ্কা জানিয়েছেন, তার ব্যাগে সবসময় থাকে হনুমান চালিশা।শুধু তাই নয়, হাতে বাধা থাকে একটি কালো সুতোও।এই কালো সুতো কেন পরেন, সেই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন, এটি ‘নজর বাট্টু’ হিসেবে কাজ করে।অর্থাৎ কুনজর বা অশুভ দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার বিশ্বাস থেকেই তিনি এটি পরে থাকেন।
প্রিয়াঙ্কার ভাষায়, ভারতে কালো সুতো পরার একটি প্রচলন রয়েছে।নিজেকে সুরক্ষিত রাখতে এমন ছোট ছোট বিশ্বাস মানলে ক্ষতি কী!
এছাড়া তার ব্যাগে থাকে আরও কিছু ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস-স্বামী নিক জোনাসের সঙ্গে তোলা পুরনো একটি ছবি, পারফিউম, হেয়ার স্প্রে, সানগ্লাস এবং একটি ‘টাইড পেন’।অনুষ্ঠানে খাবার খেতে গিয়ে পোশাকে দাগ লাগলে এই পেনই নাকি তার সবচেয়ে বড় ভরসা।
বিদেশে বসবাস করলেও নিজের শেকড়, সংস্কার ও বিশ্বাসকে যে এখনও আকড়ে রেখেছেন প্রিয়াঙ্কা, এই সাক্ষাৎকারে যেন সেটাই আরও একবার স্পষ্ট হলো।









