মালয়ালম থ্রিলার সিনেমার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি প্রায় দুই মিনিটের টিজার প্রকাশের পর দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে।
২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। পরে এর দ্বিতীয় কিস্তিও সমানভাবে প্রশংসিত হয়। সেই সফল ধারাবাহিকতায় এবার আসছে ‘দৃশ্যম ৩’, যেখানে আবারও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোহনলালকে। তিনি ফিরছেন জর্জকুট্টি চরিত্রে-একজন সাধারণ মানুষ, যিনি নিজের পরিবারকে রক্ষা করতে বারবার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
আগের দুই কিস্তির মতো এবারও পরিচালনা ও চিত্রনাট্যে রয়েছেন জিতু জোসেফ। টিজারের ট্যাগলাইন “দ্য পাস্ট নেভার স্টেজ সাইলেন্ট” ইঙ্গিত দিচ্ছে, অতীতের চাপা পড়ে থাকা সত্য আবার সামনে চলে আসবে, যা জর্জকুট্টি ও তার পরিবারের জন্য নতুন বিপদের কারণ হতে পারে।
টিজারে আগের মতোই রহস্য, টানটান উত্তেজনা, মানসিক চাপ ও নৈতিক দ্বন্দ্বের আভাস মিলেছে। জর্জকুট্টির পরিবারের ওপর আবারও নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া।
ছবিতে আগের পরিচিত মুখ মীনা, অনসিবা আহাসান এবং এস্থার আলীকেও দেখা যাবে। আগের ঘটনার গভীর প্রভাব বহন করা এসব চরিত্র এবারও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির বিশেষ আকর্ষণ হলো পারিবারিক আবেগের সঙ্গে অপরাধ তদন্তের রোমাঞ্চকর মিশেল। ‘দৃশ্যম ৩’ সেই রহস্যকে আরও জটিল ও তীব্র করে তুলবে বলেই মনে করছেন দর্শকরা।
টিজার দেখে স্পষ্ট, অতীতের ছায়া আবারও তাড়া করছে জর্জকুট্টিকে। এবার তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত। আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’।









