বলিউডে দীর্ঘ প্রায় দেড় দশক পার করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলংকা থেকে এসে হিন্দি চলচ্চিত্র জগতে নিজের অবস্থান শক্ত করা সহজ ছিল না তার জন্য। ক্যারিয়ারের শুরুতে নানা সমালোচনা ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে। এমনকি একসময় সহ-অভিনেতা অক্ষয় কুমারের একটি মজার ঘটনাই তাকে ভয় ও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন জ্যাকুলিন। তিনি জানান, তার প্রথম আইটেম গান ‘ধন্নো’-এর শুটিংয়ের সময় এই ঘটনা ঘটে, যা ছিল হাউসফুল সিনেমার অংশ।
জ্যাকুলিনের ভাষ্য অনুযায়ী, শুটিং সেটে হঠাৎ করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখে তিনি ভড়কে যান। বিষয়টি বুঝতে না পেরে তিনি অক্ষয় কুমারকে জিজ্ঞেস করেন ‘এত পুলিশ কেন?’
এর জবাবে অক্ষয় মজা করে বলেন, “ওরা তোমার জন্য এসেছে। তুমি নাকি কিছু করেছ, শট শেষ হলেই তোমাকে থানায় নিয়ে যাবে।” এই কথায় সত্যিই আতঙ্কিত হয়ে পড়েন জ্যাকুলিন।
তিনি জানান, ওই সময় তিনি এতটাই ভয় পেয়ে যান যে পুরো নাচের শুটিংটাই ভীতির মধ্যে সম্পন্ন করেন। এমনকি পরবর্তী অনেকদিন পর্যন্ত সেই ভয় তাকে তাড়া করেছে। তার মনে বারবার প্রশ্ন জেগেছে তিনি আসলে কী ভুল করেছেন।
পরে অবশ্য বিষয়টি বুঝতে পেরে অক্ষয় কুমার তার কাছে ক্ষমা চান। অক্ষয়ের মতে, কাজের পরিবেশকে হালকা রাখতে মাঝে মাঝে এমন রসিকতা করা দরকার, কারণ অতিরিক্ত গম্ভীরতা স্বাস্থ্যের জন্য ভালো নয়।









